শাহজালাল মাজারে দান-খায়রাতের টাকা জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে রাখার দাবি

শাহজালাল মাজারে দান-খায়রাতের টাকা জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে রাখার দাবি
হজরত শাহজালাল (রহ.) দরগার ফটক

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের টাকা জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে রাখার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক সংগঠন ও সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত জোট ‘একতাবদ্ধ সিলেটবাসী’র উদ্যোগে বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন।

বিজ্ঞাপন

রাজনীতিবিদ রেজাউল করিম জালালীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল ইসলাম আশরাফী, মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, এম এ আলী জালালাবাদী, মো. জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, মুখতার আহমদ তালুকদার, মোহাম্মদ এহছানুল হক তাহেরসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ঘোষণা দেন যে মাজারের দানকৃত অর্থের ৬৫ শতাংশ খাদেম এবং ৩৫ শতাংশ উন্নয়ন খাতে ব্যয় হবে। প্রশাসনের এই ঘোষণায় সিলেটবাসী গভীরভাবে মর্মাহত হয়েছেন।

স্মারকলিপিতে বক্তারা জানান, সর্বস্তরের সিলেটবাসীর প্রত্যাশা ছিল হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের যাবতীয় হিসাব-নিকাশসহ সার্বিক পরিচালনা কার্যক্রম জেলা প্রশাসন প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করবে। মাজার সংক্রান্ত পূর্ণাঙ্গ বিষয়াদি যেন ব্যক্তিবিশেষের হাতে না রেখে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়, স্মারকলিপিতে সে বিষয়ে আরও কয়েকটি নির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন