ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

রাজধানীতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবিতে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

প্রথমে চুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলেও অল্প সময়ের মধ্যেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তাদের সঙ্গে যোগ দেন। বিকাল সাড়ে ৫টার দিকে তারা ২ নম্বর গেটের মূল সড়ক অবরোধ করে সেখানে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। “কোটা না মেধা, মেধা, মেধা” - এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

এই অবরোধের কারণে নগরের দেওয়ানহাট, টাইগারপাস থেকে লালখান বাজার হয়ে ২ নম্বর গেট পর্যন্ত এবং বহদ্দারহাট, চান্দগাঁও, মুরাদপুর হয়ে উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত মালবাহী ও যাত্রীবাহী যানবাহন সড়কে আটকে যায়। এতে অফিস ফেরত অসংখ্য মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

উল্লেখ্য, এই সড়কটি চট্টগ্রামের প্রধান সড়কগুলোর একটি, যা দিয়ে চট্টগ্রাম বন্দর, কাস্টমস, বিমানবন্দর, পতেঙ্গা সমুদ্র সৈকত এবং কর্ণফুলী টানেলে যাতায়াত করা যায়।

সড়ক অবরোধ কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমাদের সিন্ডিকেট বন্ধ করতে হবে। এজন্য অন্তর্বর্তীকালিন সরকার যা যা করা দরকার করতে হবে। রুয়েটের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও পুলিশ বাহিনী দিয়ে সরকার শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে। মেধাবীদের লাথি মেরেছে। বুকে আঘাত করেছে। ঢাকায় আন্দোলনে যাওয়া আমাদের চুয়েটের অনেক শিক্ষার্থীকে আহত করা হয়েছে। উপদেষ্টারা আমাদের কাছে অনতিবিলম্বে এই হামলার জন্য ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা চট্টগ্রাম ব্লকেড রাখবো।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, "২৪ সালের গণঅভ্যুত্থানে আমরা কোটা ব্যবস্থার কবর দিয়েছি, কিন্তু আবারও আমাদেরকে রক্ত ঝরাতে হলো। ডিপ্লোমারা পদোন্নতির মাধ্যমে ৩৩ শতাংশ কোটা দখল করে রেখেছে। বাংলাদেশে কোটার কোনো স্থান নেই।"

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, কয়েক হাজার শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। একইসঙ্গে, শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম অবরোধের ঘোষণা দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন