বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন গত ৯ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৩১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। মঙ্গলবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
তিনি জানান, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটার সীমান্তজুড়ে ৪টি সেক্টর—সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি (বর্ডার আউটপোস্ট) সার্বক্ষণিক নজরদারি ও কঠোর টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।
লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে অস্ত্র ও বিষ্ফোরকের মধ্যে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।
একই সময়ে মাদকবিরোধী ব্যাপক অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ আটক করা হয়। এসব মাদক ও চোরাচালান সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০৫ জনকে আটক করা হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে বিজিবির তৎপরতায় ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
ব্রিফিংয়ে অধিনায়ক আরও বলেন, নিরাপদ সীমান্তই নিরাপদ দেশের ভিত্তি, আর সীমান্তবাসীর আস্থাই সেই ভিত্তির মূল শক্তি। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে দায়িত্ব পালন করে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

