জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তাদের পরিচয় তারা বাংলাদেশি। আর বাংলাদেশি হিসেবেই তারা বার বার হত্যার শিকার হচ্ছেন।’ তিনি বলেন, ‘সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না।’
’শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত এলাকায় হাসপাতাল, স্কুল-কলেজ, কর্মসংস্থানসহ নানা সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি সীমান্তবাসীর উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
সম্প্রতি কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মুজিবুর রহমান মুজিবকে হত্যার প্রতিবাদে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাঘাট বাজারে এনসিপি আয়োজিত পথসভায় শুক্রবার বিকেলে তিনি এসব কথা বলেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘সীমান্তে যখন একের পর এক হত্যাকাণ্ড চলছে, সরকার নীরব ভূমিকায় না থেকে সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের জোরালো প্রতিবাদ করতে হবে। পথসভার আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা সীমান্তে নিহত মুজিবুরের কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন।’
পথসভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী, মৌলভীবাজারের যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, জেলা আহ্বায়ক খালেদ হাসান, কুলাউড়া উপজেলা আহ্বায়ক লন্ডন প্রবাসী ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

