বাহুবলে আব্দুল্লাহ হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

বাহুবলে আব্দুল্লাহ হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আলোচিত মো. আব্দুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি মুস্তাকিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুস্তাকিম পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের আটঘর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাঁও গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।

বিজ্ঞাপন

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, নারী ও জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ জুলাই সন্ধ্যায় বাহুবল উপজেলার খোজারগাঁও গ্রামে মো. আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই আব্দুল কাদির ও আব্দুস সালামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় নিহত আব্দুল্লাহর ভাই আব্দুল কাদির বাদী হয়ে প্রতিবেশী হুছন আলীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে এর আগে র‍্যাব আব্দুল মালেক ও বিল্লাল মিয়া নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে। এরপর দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানের মাধ্যমে মামলার অন্যতম আসামি মুস্তাকিমকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারের পর মুস্তাকিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন