জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হবিগঞ্জের চুনারুঘাটে ভাগিনার হাতে মামা ছেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর ছেলে। এ ঘটনায় ভাগিনা বিকাশসহ আরো পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর পরই পুলিশ দুজনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান ছেরাগ আলীসহ তার লোকজন। এ সময় স্বামী আবুল কাসেম, ছেলে বিকাশকে নিয়ে বাধা দেয় তার বোন নুর নাহার। একপর্যায়ে তর্কাতর্কি শুরু হলে রাম দা ও লাঠি দিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হলে চেরাগ আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকের শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ার পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে তার বোন তার স্বামী ও সন্তানদের নিয়ে বাধা প্রদান করলে সংঘর্ষ হয়। এতে ছোরাগ আলী মারা যান।
চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগতব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

