সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পবিত্র রমজান মাসে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন না করে সেই অর্থ দিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মুখে হাসি ফুটিয়েছে দলটি।
উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় আরজু মিয়ার বসতবাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পাঁচটি পরিবারের বসতঘর ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল।
এবি পার্টির মনোনীত সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে গত নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের নির্দেশনায় এবং জগন্নাথপুর উপজেলা আহবায়ক আলী আসগর ইমনের তত্ত্বাবধানে ১৮ মার্চ (বুধবার) বিকেলে ক্ষতিগ্রস্ত মো. আরজু মিয়া, শহীদ মিয়া, আজিজ মিয়া, আনছার মিয়া ও রুপন মিয়ার পরিবারের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। একই সময়ে সৈয়দ তালহা আলম পুনর্বাসন তহবিলে নগদ অর্থ প্রদান নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পাইলগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, আলাউর রহমান আলা ও ক্ষতিগ্রস্তদের স্বজন মো. তানভীর মিয়া।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এবারের রমজানে কোনো ইফতার মাহফিল না করে সেই বাজেট এবং অতিরিক্ত তহবিল থেকে পরিবারগুলোকে ঈদ উপহার সামগ্রী ও ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীরা মিলে একটি যৌথ তহবিল গঠন করেছেন। তবে এবি পার্টি সরাসরি এই তহবিলে অংশ নিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে।
এ বিষয়ে সৈয়দ তালহা আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচিত হওয়া বা না হওয়া ভাগ্যের ব্যাপার এবং মহান আল্লাহর ইচ্ছা। তবে জনগণের সেবায় নিয়োজিত থাকা আমাদের নৈতিক দায়িত্ব। অতীতের ন্যায় আমি এবং আমার দল এবি পার্টি সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

