হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল কিনতে এসে ব্যবসায়ীর দোকান থেকে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানাসংলগ্ন রাজিব মিয়ার ফলের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন দোকানের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে।
স্থানীয়ভাবে পাওয়া প্রায় ১ মিনিট ৯ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ফল কিনতে দোকানে আসেন। ফল কেনার পর তিনি দোকানি রাজিব মিয়াকে টাকা পরিশোধ করেন। এরপর বাম হাতে নিজের মোবাইল ফোন নেওয়ার পাশাপাশি টেবিলের ওপর রাখা আরেকটি মোবাইল ফোন ডান হাতে তুলে পকেটে রাখেন। পরে তিনি দোকান থেকে বেরিয়ে যান।
দোকানি নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে ফুটেজে ধারণ করা দৃশ্য স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে বাজারে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়। তবে ভুক্তভোগী ফল ব্যবসায়ী রাজিব মিয়া এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হননি।
পরিচয় প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ বিভাগের ভাবমূর্তির বিষয়টি বিবেচনায় নিয়ে রাতেই উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা করে ঘটনার সমাধান করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে আজমিরীগঞ্জ থানার এসআই রাসেলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আপসে সমাধান করা হয়েছে।
ওসি মোহাম্মদ আকবর হোসেন বলেন, ফল ব্যবসায়ী ও দারোগার মোবাইল একই স্থানে রাখার কারণে ভুলবশত মোবাইলটি নিয়ে আসা হয়েছে। শুনেছি, তাদের মধ্যে মিটমাট হয়েছে। মোবাইলটি হারিয়ে যাওয়ার কারণে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখেছি। তবে তাদের কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে ওই দারোগার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

