এক টুকরো স্বপ্ন যেন বাস্তবে রূপ নিল আজ মৌলভীবাজারের তরুণ-তরুণীদের জীবনে। দীর্ঘ প্রতীক্ষা আর নানা ধাপের পরীক্ষার ভেতর দিয়ে অবশেষে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই নির্বাচিতদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। নির্বাচিতদের মধ্যে রয়েছেন এক জন নারী ও ২৬ জন পুরুষ। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও পাঁচজনকে।
নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, গত দুই দফা নিয়োগের মতো এবারও আমরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছি। কোনো প্রকার স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের সুযোগ রাখিনি। প্রায় ৯৫০ জন প্রার্থীর মধ্য থেকে কয়েকটি ধাপে আজকের এই ২৭ জনকে বাছাই করা হয়েছে। আশা করি, তারা ভবিষ্যতে মানুষের পুলিশ হয়ে দেশের সেবা করবে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৩৯ জন প্রার্থী। এর মধ্যে উত্তীর্ণ হন ৪৩ জন। আজ সকাল থেকে তাদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই বাছাই করা হয় চূড়ান্ত তালিকা।
ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুধু প্রার্থীরাই নয়, উপস্থিত অভিভাবকরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। জেলা পুলিশের পক্ষ থেকে সবার মুখে মিষ্টি তুলে দিয়ে ভাগাভাগি করা হয় আনন্দের মুহূর্ত।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ নিয়োগ কার্যক্রমে যুক্ত কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

