বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই: নাসের রহমান

বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই: নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, বিএনপি এখন বড় রাজনৈতিক শক্তি। এ দলকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। তারা যদি চায় নির্বাচন শিগগিরই সম্ভব, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার দিতে বাধ্য। নির্বাচন হলে আড়াইশ আসনের ওপর পাবে বিএনপি। হোক দুদিন কিংবা ১০ মাস পর। কেননা নির্বাচনে কার দৌড় কত দেশের মানুষ জানেন।

শুক্রবার রাতে মৌলভীবাজার পৌরশহরের টাউন ঈদগাঁও প্রাঙ্গণে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রিন্স দলরা আমাদের এত নসিহত করছে কেন প্রশ্ন রেখে নাসের বলেন, আগামীতে নির্বাচন দিলে আমাদের প্রতিদ্বন্দ্বী লাগবে। তারা নাকি ৩০০ আসনে প্রার্থী দেবে। আমরা তাদের স্বাগত জানাই।

তিনি বলেন, প্রায় ১৬ বছর আমাদের ওপর কম অত্যাচার চালায়নি শেখ হাসিনা ও তার পুলিশ বাহিনী। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে ঢোকানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে আসতে দেয়নি। শত জুলুম নির্যাতনের মাঝেও তারেক রহমানের নেতৃত্বে মাথা উঁচু করে জনগণের ভালোবাসায় দাঁড়িয়ে আছে বিএনপি।

মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, সদস্য মো. ফখরুল ইসলাম, বকসী মিসবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আয়াছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন