অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।

এ সময় শিক্ষার্থী আমিন উদ্দিন, তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিসুর, শান্ত ও সাকিব খানসহ অন্য শিক্ষার্থীরাও অধ্যক্ষের বদলির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন