গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ১৫ জন আটক

গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ১৫ জন আটক

রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে রাত সাড়ে ৮টার দিকে গোগ্রাম ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, তারা খবর পান যে মিছিলটি গোপালপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে হবে। তাই পুলিশ সেখানে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা সবাই হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে তারা মোটরসাইকেলে কয়েক মিনিট ঝটিকা মিছিল করে পালিয়ে যান।

তিনি আরও জানান, যেহেতু ওই নেতাকর্মীরা গোপালপুর থেকে হুজরাপুর গিয়েছিলেন, তাই পুলিশের ধারণা ছিল তারা আবার একই পথে ফিরবেন। এ জন্য পুলিশ রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেয়। মিছিল শেষে ওই ১৫ জন দুটি অটোরিকশায় ফিরছিলেন। তখন তাদের আটক করা হয়।

পুলিশের তালিকায় দেখা গেছে, আটক ১৫ জনের মধ্যে আটজনেরই বয়স ১৮ বছরের কম। প্রাপ্তবয়স্ক যে সাতজন আছেন তারা হলেন ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮), মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।

গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিয়া ১৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন