ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

সিলেট ব্যুরো

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’ উপলক্ষে মোটরযান আইনে ট্রাফিক বিভাগের দায়ের করা মামলার জরিমানা পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার থেকে শুরু হওয়া ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ট্রাফিক পুলিশের দায়ের করা মোটরযান আইনের মামলাগুলো নিষ্পত্তি করলে জরিমানার অর্থ পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, শুধু ট্রাফিক সপ্তাহ চলাকালীন দায়ের হওয়া মামলাই নয়, এর আগে দায়ের করা বকেয়া ট্রাফিক মামলাগুলোর ক্ষেত্রেও এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। আগামী ২০ জুনের মধ্যে জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ছাড়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মামলা নিষ্পত্তি করলে জরিমানার অর্থে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এদিকে, নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ট্রাফিক মামলা নিষ্পত্তি করে এ বিশেষ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে এসএমপি। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও যানজটমুক্ত সিলেট গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জরিমানায় বিশেষ ছাড়ের এ উদ্যোগ বকেয়া মামলা নিষ্পত্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়াবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...