টানা বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিপৎসীমা অতিক্রম করেছে মৌলভীবাজারের জুড়ী নদীর পানি, ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও মনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ জানান, উজানে বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা ৬ টার হিসেব অনুযায়ী মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ এলাকায় বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার নীচ দিয়ে ও চাঁদনীঘাট এলাকায় ৬৫ সেন্টিমিটার নীচ দিয়ে, ধলাই নদীর পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নীচ দিয়ে ও শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩০৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও উজানে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে আগামী তিনদিনের মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এবিষয়ে আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রে সিনিয়র আবহাওয়াবিদ আনিছুর রহমান জানান, ২৫ এপ্রিল শনিবার সকাল ৬টা থেকে ২৬ এপ্রিল রবিবার সকাল ৬ টা পর্যন্ত ৩০ মিলিমিটার, ২৬ এপ্রিল রবিবার সকাল ৬ টা থেকে ২৭ এপ্রিল সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫০ মিলিমিটার ও ২৭ তারিখ সকাল ৬ টা থেকে ২৮ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই তিন দিনে মোট ২৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জেলা কৃষি খামার বাড়ির উপ-পরিচালক জালাল উদ্দিন প্রধান জানান, উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলায় ৩৬৯ হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে সদরে ৮০ হেক্টর, রাজনগরে ৭০ হেক্টর, শ্রীমঙ্গলে ২১৯ হেক্টর রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন সাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সনতর্কীকনে কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত ১৯০ মিলিমিটার রেকর্ড হয়েছে মৌলভীবাজার স্টেশনে। এরপর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ১৮০ মিলিমিটার রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শেরপুরে এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮৯ মিলিমিটার। আজ রাত ১২ টা থেকে পরবর্তী ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের প্রায় ৮ বিভাগের বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী সহমাঝারী থেকে ভারী বৃষ্টি ও বর্ষণ হতে পারে। এসময় কিছু কিছু জেলায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

