মৌলভীবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, খালাস ৫

মৌলভীবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, খালাস ৫

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে খালাস দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। এদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে থাকলেও রনি ও আনোয়ার পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—ইমন মিয়া, আল-আমিন, সাকির আহমদ, পারভীন বেগম ও রোকসানা বেগম। রায় ঘোষণার সময় পলাতক আসামিরা ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বর্ষিজোড়া এলাকায় নাঈমের সঙ্গে রনির কথা-কাটাকাটি হয়। এর জেরে রনি ও তার বাবা নুরুল ইসলামসহ কয়েকজন তাকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে নাঈম মারা যান। এ ঘটনার পর নিহতের বাবা চেরাগ মিয়া ১০ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মাত্র তিন বছরের মধ্যে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করলেন।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, মাত্র তিন বছরের মাথায় মামলার বিচারকাজ সম্পন্ন করে রায় প্রদান করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন