হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, সম্প্রতি তার ওপর ঘটে যাওয়া একটি হামলা চেষ্টার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে আবেদনটি জমা দিয়ে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণেই একদল যুবক তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, গত কয়েকদিন ধরেই মাহদী হাসানের ওপর হামলার চেষ্টা চালানো হচ্ছিল। আজ সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে সেখানে তার ওপর অতর্কিত এই হামলা চালানো হয়।

এর আগে, গতকাল বুধবার দুপুরেও মাহদী হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তার ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন।

সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মাহদী হাসানকে মারধরের একটি ঘটনার তথ্য পুলিশ পেয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য উপায়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন