ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা
ছবি: আমার দেশ

সিলেটের ওসমানীনগর উপজেলায় মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে ওই ব্যক্তির বসবাসের ঘর থেকে লাশ উদ্ধারের পরই— এনিয়ে চলছে জনমনে ব্যাপক জল্পনা কল্পনা।

নিহত ওই ব্যক্তির নাম তুরন মিয়া। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের মোহাম্মদপুর রাইকদাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর রহস্য উদঘাটনে বিকেলে পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলেও নিহত তুরন মিয়ার প্রতিবেশীর কেউই তথ্য দিয়ে সহযোগিতা করেনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ৬ তারিখ তুরন মিয়া তার নিজ বাড়িতে প্রতিবেশীদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলা, মারধর এবং প্রাণনাশের আশঙ্কার অভিযোগ এনে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

নিহতের ভাই এলাইছ মিয়ার দাবি, পূর্বের বিরোধের জের ধরে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাই তুরন মিয়াকে হত্যা করেছে। তার দাবি, নিহতের মুখমণ্ডলে হালকা ও মাঝারি আঘাতের চিহ্নও রয়েছে।

প্রতিবেশীরা জানান, তুরন মিয়া নিজের বাড়িতে খুব বেশি সময় থাকতেন না, মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। ৪৬ বছর বয়স হলেও তিনি বিয়ে করেননি। এছাড়া এর আগেও দু’বার স্ট্রোক করেও তিনি বেঁচে গিয়েছিলেন। ফলে তার মৃত্যু স্ট্রোকজনিত নাকি পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইউপি সদস্য এম রুম্মান আহমদ জানান, সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তুরন মিয়ার সঙ্গে তারই চাচাতো ভাইয়ের ঠিকাদার পক্ষের বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি।

ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া জানান, হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত হতে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত কাউকে দায়ী করা যাচ্ছে না।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রাপ্ত আলামতের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...