আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তিগঞ্জে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

শান্তিগঞ্জে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর বর্বরোচিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুনামগঞ্জ শহরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন।

বিজ্ঞাপন

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মমিন জানান, গত ২২ মার্চ সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুতারগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ডাবল মার্ডার মামলার প্রধান আসামি এবং মাদক ও জুয়ার গডফাদার হিসেবে পরিচিত আঙ্গুর মিয়া ও তার লোকজন বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর হামলা চালায়। ​হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ আলীর মাথায় ও গলায় কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় সন্ত্রাসীরা মোহাম্মদ আলী ও আব্দুল মমিনের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

​তিনি আরো বলেন, ঘটনার কয়েকদিন আগে আঙ্গুর মিয়ার ভাগ্নে জাবেদ বিনা কারণে পাথারিয়া গ্রামের মানুষকে মুঠোফোনে গালিগালাজ করে। এ নিয়ে সৃষ্ট বিরোধ মিমাংসার জন্য আব্দুল মমিন সালিশের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ঘটনার দিন আঙ্গুর মিয়ার লোকজন সালিশ না মেনে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ তাণ্ডব চালায়। ​আঙ্গুর মিয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও তার ছেলে সাদাত মান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় সুপরিচিত। ​আওয়ামী শাসনামলে মন্ত্রীর দাপট খাটিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বর্তমানেও সে জলমহাল দখল, জুয়া এবং মাদক ব্যবসার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে।

আঙ্গুর মিয়া ও তার পরিবার আব্দুল মমিনসহ এলাকার নিরীহ মানুষের নামে মানহানিকর তথ্য প্রচার ও হয়রানিমূলক মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। দ্রুত প্রশাসনকে তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা ও স্থানীয় ইউপি সদস‍্য রাজ্জাক মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, গ্রাম পঞ্চায়েত প্রধান তারা মিয়া, আব্দুল কাহার, জাবেদ মিয়া প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...