দুই শিশুর ঝগড়ার জেরে গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

দুই শিশুর ঝগড়ার জেরে গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় সংঘর্ষের চিত্র। ছবি : আমার দেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় এ সংঘর্ষ চলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়ইউড়ি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিকেল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ধীরে ধীরে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরে প্রশাসন সালিশ বৈঠক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন