সময়মত ভাড়া না দেওয়ায় ভাড়াটিয়াদের রুমে আটকে মালিকের তালা

সময়মত ভাড়া না দেওয়ায় ভাড়াটিয়াদের রুমে আটকে মালিকের তালা

সুনামগঞ্জে বাসা ভাড়া সময়মত পরিশোধ না করায় ভাড়াটিয়াদের তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘ দিন ধরে শহরের রায়পাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন চানাচুর বিক্রেতা ইমন বর্মন। তাদের পরিবারে মা, বোন মিলে ৬ জন সদস্য আছেন। বাসা ভাড়া নেয়ার পর থেকে নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করে আসছেন তারা। গত জুন মাসের ভাড়া ৫ জুলাই দেয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে কদিন সময় চেয়েছেন ভাড়াটিয়া। মালিক ইউসুফ চৌধুরী সময় দিতে নারাজ। অনেক কাকুতি মিনতি করার পরও না মানলে মালিক ইমন বর্মনের পরিবারের ৬ সদস্যকে রুমে তালা মেরে আটকে রাখেন। এবং বাসার ভাড়া না দেয়া পর্যন্ত আটকে থাকার কথা তাদের বলেন। এ ঘটনা স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তালাবদ্ধ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

লিপি বর্মন বলেন, রায়পারা একটি বাসায় ভাড়া নিয়ে আমার মা, ভাই ও স্কুল পড়ুয়া এক বোন মিলে ৬ জন সদস্য থাকতেন। বাসার মালিক এসে সময়মত ভাড়া না দেয়ায় ৬ সদস্যকে বাসার মধ্যে তালাবদ্ধ করে আটকে রাখেন। এসব জঘন্য ঘটনা কোথাও দেখিনি। আমরা এ ঘটনার বিচার চাই।

ইমন বর্মন জানান, কয়েক বছর ধরে এই বাসায় আমরা ভাড়ায় থাকি। নিয়মিত মাস শেষে ভাড়াও পরিশোধ করে আসছি। গত জুন মাসের ভাড়া পরিশোধ করতে একটু দেরী হওয়ার আমি, আমার মা, বোনসহ মোট ৬ জনকে ঘরে রেখে তালাবদ্ধ করে আটকে রাখে।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা লোকেরা তালা খুলে দিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন