আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শীর্ষ সন্ত্রাসী ডায়মন্ডসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

শীর্ষ সন্ত্রাসী ডায়মন্ডসহ গ্রেপ্তার ২

সিলেটের ওসমানীনগরের শীর্ষ সন্ত্রাসী দিলসাদুর রহমান ওরফে ডায়মন্ডসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার ওসমানীনগরের সিকন্দরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ওসমানীনগর সেনা ক্যাম্পের দুটি টহল দল এবং থানার উপপরিদর্শক শফিকের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত অপরজনের নাম সরফ আলী। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি অস্ত্র পরিষ্কারের ক্লিনিং কিট, তিনটি দেশীয় অস্ত্র (রামদা ও ছুরি) এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়।

ওসমানীনগর থানার এসআই শফিক জানান, গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে সরফ আলীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে শীর্ষ সন্ত্রাসী ডায়মন্ডকে এখনও সেনাবাহিনী তার কাছে হস্তান্তর করেনি।

এদিকে যৌথবাহিনী জানায়, উপজেলায় পরিচালিত বিভিন্ন অভিযানে একাধিক স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ বহু অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন