রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন স্বৈরাচারের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন স্বৈরাচারের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নিজেদের জীবনের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার ও জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।”

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জে এক কলেজশিক্ষার্থী ও ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, “প্রিয় তারেক রহমান, আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। কিন্তু একজন কলেজশিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় কী বার্তা দিতে চাচ্ছেন? শেখ হাসিনা শত শত মানুষের চোখ নষ্ট করে আজ নির্বাসিত। নতুন বাংলাদেশে আরেকজনের চোখ নষ্ট করে জনগণকে কী বোঝাতে চান?”

তিনি আরও বলেন, “সেই কিশোরের চোখ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধা করি। কিন্তু তাদের ছবি ব্যবহার করে কেউ যদি সন্ত্রাস, জমি দখল বা চাঁদাবাজি করে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৬ বছর এই দেশে বঙ্গবন্ধুর নামে রাজনৈতিক ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামেও কোনো ধরনের রাজনৈতিক ব্যবসা হতে দেব না। সন্ত্রাস বন্ধ করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, রাষ্ট্র সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের একটি নমুনা দেখতে পাচ্ছি। সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী ব্যবহার করে ভোট কারচুপির চেষ্টা হতে পারে। জাতীয় নির্বাচনের মতো ইঞ্জিনিয়ারিং স্থানীয় সরকার নির্বাচনে হতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জনগণের পক্ষে এবং যোগ্য প্রার্থীর পক্ষে দাঁড়াতে হবে। এনসিপি ও শাপলাকলি প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

কানাইঘাটবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “স্থানীয় সরকার নির্বাচনেও যদি জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়, তাহলে দেশে নব্য ফ্যাসিবাদ ও নতুন স্বৈরাচারের ঝুঁকি তৈরি হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টা প্রতিরোধ করব।”

সমাবেশে তিনি স্থানীয় সরকার নির্বাচনে গোলাম বোরহান উদ্দিন ইউসুফের প্রতি সমর্থন জানান এবং নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন