হবিগঞ্জে পদযাত্রায় ও যশোরে এমপির বাড়িতে সন্ত্রাসী হামলায় সিলেট জামায়াতের নিন্দা

হবিগঞ্জে পদযাত্রায় ও যশোরে এমপির বাড়িতে সন্ত্রাসী হামলায় সিলেট জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়িতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অবিলম্বে পৃথক হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।

বুধবার সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

বিজ্ঞাপন

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের বর্বর ও নৃশংস হামলায় জাতি বিস্মিত। গণরোষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে বিএনপি ও ছাত্রদল শিক্ষা নেয়নি। দেশের বিভিন্ন স্থানের ন্যায় হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের পথে হাঁটছে। এর পরিণতি ভালো হবে না।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে স্থানীয় যুবদল ও ছাত্রদল সন্ত্রাসীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এমপির এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতোমধ্যে মীমাংসিত ইস্যু) এই ধরণের ন্যাক্কারজনক হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও ‘মবকে’ উসকে দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো ষড়যন্ত্র জাতি সফল হতে দিবে না।

জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি ও ছাত্রদল রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ছাত্র-জনতার শাহাদাত ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ তাদের ছাড় দিবে না। প্রয়োজনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন