বিগত সরকারের সময় দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পতনের পর নতুন সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধার করে সামগ্রিক উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার উপজেলার উসমানপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইরা মিয়ার বাড়িতে আয়োজিত ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসী বিএনপি নেতা ইরা মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় লুনা বলেন, ইলিয়াস আলীর প্রতি সম্মান ও ভালোবাসা দেখিয়ে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইলিয়াস আলীর আদর্শ অনুসরণ করে সবসময় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ভোট দেওয়া আপনাদের দায়িত্ব ছিল, এখন আমার দায়িত্ব হলো এ আসনের সার্বিক উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা। ইলিয়াস আলী যেভাবে জনগণের সামনে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন, তিনিও একইভাবে জনগণের কল্যাণে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন।
ইলিয়াস আলীর স্মৃতিচারণ করে তিনি বলেন, তার গুম হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সন্তানদের মানুষ করা এবং জনগণের পাশে থাকা। আল্লাহর রহমতে তার দুই সন্তান এখন প্রতিষ্ঠিত। আমিও পুরোপুরি আপনাদের সঙ্গে আছি। এ সময় লুনা দৃঢ়ভাবে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বা নয়-ছয় সহ্য করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, আব্দুর রউফ আব্দুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ এবং সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবু জাফর মুজেবর, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনহার আলী, সহ-সাধারণ সম্পাদক মিনার আলম চৌধুরী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমাছসহ দলীয় নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

