শিক্ষকদের হেনস্তা ও ‘বেয়াদব’ বলে গালি দেওয়ায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৭ আগস্ট মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে মতিন বক্স ও তার অনুসারীরা শিক্ষকদের কলেজে প্রবেশে বাধা দেন। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে ‘বেয়াদব’ বলে গালি দেন এবং অশোভন আচরণ করেন। ঘটনার প্রতিবাদে ২০ আগস্ট কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়।
শিক্ষকদের অভিযোগ, মতিন বক্স ৪০-৫০ জন অনুসারী নিয়ে কলেজের প্রবেশপথে জটলা তৈরি করেন এবং শিক্ষকদের অপদস্থ করার জন্য ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন।
কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পর এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, “আপনার বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সুতরাং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হলো।”
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল দল। ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। যত শক্তিশালীই হোক, দলের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান এবং সহকারী অধ্যাপক মুহাম্মদ আনিসুর রহমান কেন্দ্রীয় বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির কঠোর সিদ্ধান্তে শিক্ষক-শিক্ষার্থী সমাজ ও সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

