ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়েছে। পতিত সরকার লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। এই স্বাস্থ্যখাতকে পুনর্গঠনে আমাদের দায়িত্ব নিতে হবে।
বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত কনভেনশন হলে সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হালিম ডোনার বলেন, আমরা ৫/১০ জনও মিটিং করতে পারতাম না। স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারছি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যাতে বেগম খালেদা জিয়ার পরামর্শে ও তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত ভয়ানক খারাপ। সব সুযোগ সুবিধা, চিকিৎসার মান ধ্বংস করে দিয়েছে। একটা উদাহরণ থেকে বুঝা যায়। আমাদের দেশ থেকে পাশের দেশের ডাক্তাররা ১০ মিলিয়ন ডলার বেশি ইনকাম করে। তাতে বুঝা যায় আমাদের দেশ থেকে কত রোগী ওই দেশে চলে যায়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ড্যাব সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ডা. মো. শামিমুর রহমান।
ড্যাব সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদুল ইসলাম ও জেলা ড্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরীর যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন- ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুর, ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব ডা. নাজমুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

