৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার
ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি রিপন দাস

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ৫ মন (১৯২ কেজি) ভারতীয় গাঁজাসহ রিপন দাস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রিপন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার রামচরণ দাসের ছেলে।

বিজ্ঞাপন

রোববার ভোরে মাধবপুর উপজেলা সদরের সুশান ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই প্রদীপ সরকারের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে রিপন দাসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক পাচারের সঙ্গে আরও একজন জড়িত ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১৯২ কেজি। এ ঘটনায় রিপন দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারত থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের একটি চক্র সক্রিয় রয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা সেই চক্রের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন