উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক ও অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে এক দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (আজ) সকাল ১০টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সম্মেলন কক্ষে ‘বাংলাদেশী সাংস্কৃতিক জোট’ বরিশালের আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
সংগঠনের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
দিনব্যাপী এ সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এই আয়োজনে সাহিত্যচর্চা, কবিতা পাঠ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেরেবাংলা এ কে ফজলুল হকের বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক কর্ম নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান, কবি আবদুল হাই শিকদার। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।
আয়োজকরা জানান, শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতি এবং সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাহিত্যচর্চাকে আরও বেগবান ও সমৃদ্ধ করাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।
এদিকে, অনুষ্ঠানে ‘শেরেবাংলা স্মৃতিপদক ২০২৬’-এর জন্য গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোসলেম উদ্দিন শিকদারকে মনোনীত করা হয়েছে।
— এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-d1297f-720x405.webp)