৪০ বস্তা ভেজাল সার জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

৪০ বস্তা ভেজাল সার জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা
ছবি: আমার দেশ

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টাকালে ৪০ বস্তা টিএসপি সারসহ একটি পিকআপ ভ্যান এবং দুই ব্যক্তিকে গভীর রাতে আটক করেছে থানা পুলিশ। পরে শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত সার ভেজাল প্রমাণিত হওয়ায় তা ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার পিকআপ ভ্যানে করে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি প্রসিকিউশন দাখিল করেন। পরবর্তীতে জব্দকৃত সার পরীক্ষা-নিরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা, ভেজাল সার বিক্রি প্রতিরোধ এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন