কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী, ছয় বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার নেত্রকোনা-কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া ইউনিয়নের লাহিড়ী বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের আনিছুল হকের ছেলে মাহমুদুল হক শাহিন (৪৫) এবং তাঁর পাঁচ বছর বয়সী ছেলে রাজিন।

আহত ব্যক্তিরা হলেন—শাহিনের স্ত্রী তুহিন (২৭), মেয়ে মুমু (৬) এবং অপর মোটরসাইকেলের চালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মো. শফিক (২৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহিন তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে নেত্রকোনা থেকে কেন্দুয়ার দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শফিকের দ্রুতগামী মোটরসাইকেলটি লাহিড়ী বাড়ি মোড়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে অটোরিকশায় করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহিন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিনের স্ত্রী তুহিন ও মেয়ে মুমুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেলের চালক শফিক কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও নাম নিবন্ধন বা চিকিৎসা না নিয়েই সেখান থেকে কৌশলে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবা ও ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন