বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার দুপুরে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে একদল সদস্য তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ ও আটক আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সঙ্গে নিয়ে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পাশের তুরাগ নদের পূর্বপাড়ে ২৯ নম্বর পিলার এলাকায় আসেন তদন্তকারীরা।
এর আগে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবারগত রাত ৩টার দিকে টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফ সাউরির ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করে পিবিআই।
ঘটনাস্থলে অনুসন্ধানকালে দীপ পিবিআইকে জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি ও তাহসিফ তুরাগ নদের ২৯ নম্বর সীমানা পিলারের কাছে অবস্থান করছিলেন। এ সময় পুলিশের ইউনিফর্ম পরা দুই ব্যক্তি তাঁদের ধাওয়া করেন। নিজেকে বাঁচাতে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন এবং তিনি নিজে (দীপ) সীমানা পিলারের পাশে লুকিয়ে নিজেকে আড়াল করেন। পরিস্থিতি শান্ত হলে একপর্যায়ে তিনি বাসা চলে যান।
এ বিষয়ে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আটক দীপকে নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তদন্ত চালানো হয়েছে। দীপ পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন পুলিশের ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তির ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন। পরে তিনি সেখান থেকে চলে যান। এছাড়া তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য: গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ সাউরি তাঁর ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি করবী বাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে টঙ্গী নৌপুলিশ ঢাকার উত্তরখান থানার রাজাবাড়ী নৌঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
Ñএমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

