সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আগামীকাল শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আহ্বান জানানো হয়েছে। সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের এতে অংশ নেওয়ার জন্য সাংবাদিক নেতারা আহ্বান জানিয়েছেন।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত বুধবার রাতে হাসপাতালের পঞ্চম তলায় ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন চ্যানেল এসের ক্যামেরাপারসন রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের রিপোর্টার নিবেন্দু তালুকদার। আহত দুজন বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা এবং চরম উদ্বেগজনক। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বৃদ্ধি পাবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-8c4162-720x405.webp)