নিষেধাজ্ঞা শেষে সরগরম বরিশালের ইলিশের মোকাম, দাম চড়া

নিষেধাজ্ঞা শেষে সরগরম বরিশালের ইলিশের মোকাম, দাম চড়া

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে। রুপালি ইলিশের আশায় জাল ও নৌকা নিয়ে পুরোদমে মেঘনা, কালাবদর, সুগন্ধা, সন্ধ্যা, জয়ন্তী, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলাসহ জেলা ও বিভাগের বিভিন্ন নদ-নদীতে নেমে পড়েছেন হাজার হাজার জেলে। দীর্ঘ দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ইলিশের পাশাপাশি মিলছে পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ।

বিজ্ঞাপন

এসব মাছ নিয়ে আজ শুক্রবার সকাল থেকেই একের পর এক নৌকা ভিড়ছে বরিশাল নগরীর পোর্টরোড মৎস্য আড়তসহ জেলার বিভিন্ন মাছঘাটে। ফলে আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে দীর্ঘ দিন পর ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য। তবে প্রথম দিনে মাছের সরবরাহ কিছুটা বেশি থাকলেও কমেনি ইলিশের দাম; আগের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে বড় আকারের ইলিশ। শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর মধ্যরাত থেকেই ইলিশ শিকারে নদ-নদীতে নেমেছেন জেলেরা। শুক্রবার ভোরের আলো ফুটতেই মাছ নিয়ে বরিশালের মৎস্য আড়তসহ বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেন তারা। মেঘনা নদীর হিজলা উপজেলার হরিনাথপুর ও বরিশাল নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে একের পর এক জেলের নৌকা ভিড়তে দেখা যায়। প্লাস্টিকের ট্রেতে সাজিয়ে আনা হচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। ঘাটে মাছ নামানোর পরপরই শুরু হচ্ছে হাঁকডাক ও দরদাম, মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে এসব মাছ।

শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ নিয়ে আসা জেলে রহিম শেখ বলেন, কয়েকজন মিলে রাত ১২টার পর নদীতে মাছ ধরতে নেমেছিলাম। বেশ ভালোই মাছ পেয়েছি। এক দিনেই ২০ হাজার টাকার মাছ বিক্রি করেছি। রাতে আবার নদীতে নামব।

নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার জাহাঙ্গীর হোসেন জানান, নিষেধাজ্ঞার পর প্রথম দিনে বরিশাল মোকামে বেশ ভালোই ইলিশ এসেছে। তবে ক্রেতা ও চাহিদা বেশি থাকায় ইলিশের দাম তেমন একটা কমেনি।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা দরে। এছাড়া এলসি সাইজের ইলিশ ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় এবং ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ প্রতি হালি ৫৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আড়তদার জাহাঙ্গীর হোসেন আরও জানান, ইলিশের পাশাপাশি জেলেদের জালে পাঙ্গাশ মাছও ধরা পড়ছে। বড় আকারের পাঙ্গাশ প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা এবং ছোট আকারের পাঙ্গাশ ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আগামী দিনে ইলিশের সরবরাহ আরও বাড়লে বাজারদরে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন