নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব আলোচিত শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তারের পর আরো দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজন যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেল হোসাইনের অনুসারী।
আটক ব্যক্তিরা হলেন—গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আল-আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)।
নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, "শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা তদন্ত শেষে পরে জানানো হবে।" তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতেখায়ের আলম বলেন, শাকিল ইসলাম হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গুরুদাসপুরের ধারাবারিষা ও কচুগাড়ী এলাকা থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তাঁদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এর আগে একই মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তাঁর বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর রাতে তিনি মারা যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

