নেপালে অনুষ্ঠিতব্য ‘প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে’ অংশ নিতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ও সাবেক মিলে মোট পাঁচ শিক্ষার্থী। তাঁদের সঙ্গে কোচ হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপপরিচালক ও তায়কোয়ান্দো কোচ কামরুজ্জামান চঞ্চল।
শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা হন তারা।
আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের খেলোয়াড়েরা কিয়োরুগি (ফাইট) ও ব্যক্তিগত পুমসে (কৌশল প্রদর্শনী) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেবেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মরিয়ম।
তাঁদের মধ্যে সাবাহ কানেতা তারিক ব্যক্তিগত পুমসে বিভাগে, মো. শাহীন আলী পুমসে ও কিয়োরুগি উভয় বিভাগে এবং কামরুজ্জামান ও মরিয়ম কিয়োরুগি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শিক্ষার্থীদের মধ্যে শাহীন আলী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জিতেছেন। আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনের পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের সভাপতি।
সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রৌপ্যপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের সহসভাপতি।
মরিয়ম জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ ও রৌপ্যপদক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জিতেছেন তিনি। বর্তমানে তিনি ক্লাবটির ক্রীড়া সম্পাদক।
কামরুজ্জামান প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের প্রচার সম্পাদক।
এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্দো ফেস্টিভ্যালে রৌপ্যপদক অর্জন করেন তিনি। বর্তমানে তিনি রাজশাহীর ‘এআরসি গ্লোবাল তায়কোয়ান্দো অ্যাকাডেমি’র প্রধান প্রশিক্ষক। তাঁর দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান ও জিদোকওয়ান স্বীকৃত দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।
দলটির কোচ কামরুজ্জামান চঞ্চল রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো ক্লাবের বিশেষজ্ঞ উপদেষ্টা। তিনি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এবং জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।
Ñএমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

