সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘রোটারি হেলথ ফেয়ার সিজন-৪’। রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের ২০টি রোটারি ক্লাবের যৌথ অংশগ্রহণে আয়োজিত এ দিনব্যাপী স্বাস্থ্যমেলায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, ওষুধসহ বিভিন্ন সহায়তা পেয়েছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি স্কুল মাঠে এ স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন রোটারি পাবলিক ইমেজের রিপসা টিমের সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান লুবনা আফরোজ। পরে আয়োজনের কার্যক্রম পরিদর্শন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
আয়োজক সূত্রে জানা যায়, ২০২১-২২ রোটারি বর্ষে প্রথমবারের মতো এ মানবিক উদ্যোগের সূচনা হয়। পরপর তিনটি আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার চতুর্থবারের মতো এ স্বাস্থ্যমেলার আয়োজন করা হলো। রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার অন্যতম স্বাক্ষরধর্মী প্রকল্প হিসেবে এটি পরিচালিত হয়ে আসছে।
এবারের আয়োজনে খুলনার ১৪টি, ঢাকার ৪টি, যশোরের ১টি এবং বাগেরহাটের ১টি ক্লাবসহ মোট ২০টি রোটারি ক্লাব সরাসরি অংশ নেয়।
স্বাস্থ্যমেলায় সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি ডায়াবেটিস, শিশু ও নারীস্বাস্থ্য, অর্থোপেডিক, চক্ষু ও দন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া ইসিজিসহ বিভিন্ন প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষাও করা হয়। রোগীদের প্রয়োজন অনুযায়ী মেলায় স্থাপিত মিনি ফার্মেসি থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি শারীরিকভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার ও চশমা বিতরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



