অক্টোবর মাসেই সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনই মোটরসাইকেল আরোহী। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৪৮ জন।
বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসেই সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায় এবং সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়।
তথ্য অনুসারে, সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, সিলেটের পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুল্লেখিত বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কে নির্মাণত্রুটিকে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

