সিলেটের ওসমানীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী শেখ মাসুক মিয়া (৩৫) হত্যা মামলায় আপন চার ভাই, ভাবিসহ ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
হত্যার শিকার শেখ মাসুক মিয়া ওসমানীনগর উপজেলার ফতেহপুর গুপ্তপাড়া গ্রামের মৃত শেখ মদরিছ আলীর ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আল-আসলাম মুমিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ৪ ভাই শেখ আলফু মিয়া (৪১), শেখ পংকী মিয়া (৪৩), শেখ তোতা মিয়া (৫৭) ও শেখ আব্দুর রব ওরফে লেবু মিয়া (৬৩)
এ ছাড়া পংকী মিয়ার স্ত্রী লাভলী বেগম ৩২), লেবু মিয়ার স্ত্রী শেখ আনোয়ারা বেগম (৪৮), মৃত আখলাছ আলীর ছেলে ফখর উদ্দিন ওরফে অহর (৪৬) এবং গ্রামতলা দাসপাড়া গ্রামের আলা উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে দিপু মিয়া (৪৩)।
আসামিদের মধ্যে দিপু মিয়া ছাড়া অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ জুন বিকেল ৩টার দিকে মাসুক মিয়া বাড়ি থেকে গোয়ালাবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হন। সন্ধ্যায় তিনি বাড়ি না ফেরায় স্ত্রী মোবাইলে কল করলে প্রথমে সংযোগ পাওয়া গেলেও পরে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরদিন ওসমানীনগরের দাসপাড়া গ্রামের গফুর মিয়ার বাড়ির পাশের ধানক্ষেতে মাসুক মিয়ার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহ শনাক্তে এলাকায় মাইকিং করা হলে তার ভাই শেখ আলফু ও শেখ তোতা গিয়ে লাশ শনাক্ত করেন।
অনুসন্ধানে হত্যাকাণ্ডের পেছনের কারণ জানা যায়, প্রথমে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শেখ আলফু মিয়া থানায় মামলা করেন। কিন্তু তদন্তে গিয়ে ওসমানীনগর থানার তৎকালীন পরিদর্শক এসএম মাঈন উদ্দিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ভাই আলফু, পংকী ও তোতাকে আটক করেন। পরে থানার এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেন এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এডিশনাল পিপি আল-আসলাম মুমিন বলেন, ‘প্রবাসে থাকা অবস্থায় মাসুক মিয়া ভাইদের কাছে টাকা পাঠাতেন। সেই টাকা দিয়ে তারা নিজেদের নামে জমি কিনেন। দেশে ফিরে মাসুক তার নামে জমি লিখে দিতে বললে বিরোধ শুরু হয়। এরপর পরিকল্পিতভাবে চার ভাই এবং দুই ভাবিসহ আটজন মিলে তাকে নির্মমভাবে হত্যা করেন।’
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

