বিশ্বকাপ ফুটবলের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মাঝে মৌলভীবাজারের রাজনগরে প্রিয় দলকে ঘিরে ভক্ত-সমর্থকদের মাঝে শুরু হয়েছে টানটান উত্তেজনা ও নানা আয়োজন। তবে এই ফুটবল উন্মাদনার মাঝে এবার ঘটে গেছে সম্পূর্ণ ব্যতিক্রমী ও মজার এক ঘটনা। প্রিয় দলের টানা ব্যর্থতায় হতাশ হয়ে এক ব্রাজিল সমর্থক দুধ দিয়ে গোসল করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন।
রোববার বিকালে বিশ্বকাপ ফুটবল ও আর্জেন্টিনা দলকে শুভ কামনা জানিয়ে রাজনগরে নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। কেক কেটে আর্জেন্টিনা দলের জন্য শুভ কামনা জানান ভক্তরা। এ সময় বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন ব্রাজিলের সমর্থক ইমরান খান। তিনি বিশ্বকাপে একের পর এক পরাজয়ের হতাশায় ব্রাজিলের সমর্থন ছেড়ে শুরু করলেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের সমর্থন। আর আর্জেন্টিনা সমর্থকরা তাকে বরণ করে নিলেন দুধ দিয়ে গোসল করিয়ে।
আর্জেন্টিনা সমর্থক হিসেবে যোগ দেয়া ইমরান খান জানান, বুক ভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন জানান তিনি। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না তার এক সময়ের প্রিয় ব্রাজিল। দীর্ঘদিন ধরে হতাশ তিনি। আর সেই হতাশা থেকে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক শিবিরে।
বাদ্য বাজিয়ে র্যালির করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। নেচে গেয়ে নানাভাবে সেলিব্রেশন করেন তারা।
আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভ কামনা জানিয়ে তাদের এ আয়োজন। তবে এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রম ছিল একজন ব্রাজিল ফ্যান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

