সিলেট মহানগরীতে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
জামাতে ইমামতি করবেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খান। এর আগে নসিহত পেশ করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া কামরান।
এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত হবে সকাল সাড়ে ৮টায়।
বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়াও পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে জামাত সকাল ৮টা।
এদিকে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর পুলিশের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবার শাহী ঈদগাহে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শাহী ঈদগাহতে প্রধান জামাতের প্রস্তুতির স্থান গতকাল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

