প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

হেলিকপ্টারে ঘুরে হাওর দেখে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

হেলিকপ্টারে ঘুরে হাওর দেখে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিন
ছবি: আমার দেশ

সুনামগঞ্জসহ অন্যান্য হাওরের জেলার কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেলিকপ্টারে হাওর ঘুরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। তিনি চিঠিতে লিখেন, ‘আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি।’

বিজ্ঞাপন

আমরা হাওরপাড়ের মানুষ। একটি মাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু পারছেন না।

আপনার সময় অনেক মূল্যবান । অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।’

তিনি অনুরোধ করে সুপারিশ করেন, ‘প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।’

পরিশেষে বলেন, ‘আপনার শাসনামলে খাল খনন কর্মসূচি শুরু করছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় [দিরাই-শাল্লা] বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন