গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেছেন, সুনামগঞ্জ হাওরবেষ্টিত অঞ্চল। সবদিক থেকে এ জেলা পিছিয়ে। দেশের অন্য জেলার চাইতে সুনামগঞ্জ জেলা উন্নয়নের দিকে পিছিয়ে আছে। অবহেলিত জনপদের কথা মাল্টিমিডিয়ায় তুলে ধরুন। আমিও সংসদে তুলে ধরছি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছি। তিনি আমাকে বলেছেন কিভাবে নির্বাচন করলেন। আমি বলেছি মোটরসাইকেল ও পাঁয়ে হেঁটে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার মাল্টিমিডিয়ার উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেক পত্রিকা কিংবা মাল্টিমিডিয়া গুজব ছড়ায়। টাকার বিনিময়ে সংবাদ প্রচার করে। এতে মিডিয়ার প্রতি মানুষ আস্থা হারায়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন। মানুষ আপনাদের পাঠ করবে। কারণ সমাজকে এগিয়ে নিতে হলে সংবাদকর্মীদের ভূমিকা বেশি।

তিনি আরো বলেন, আওয়ামী জামানায় বন্দনা গাইতে দেখেছি অনেক সংবাদকর্মীদের। আমাদের পক্ষে বন্দনা গাইবার দরকার নাই। আমাদের সমালোচনা করুন। পথ দেখান। যা সত্য তাই আপনাদের ক্যামেরায় উঠে আসুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক শেরগুল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনাজ্জির হোসেন সুজন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেব খান, উন্নয়ন কর্মী আশরাফ হোসেন লিটন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামিম, সাধারণ সম্পাদক জসীমউদ্দিন, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এ, কে কুদরত পাশা, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন