সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) বলেছেন, প্রকৃত অপরাধীরা বিচারের মুখোমুখি হবে, নিরীহ কেউ হয়রানির শিকার হবেন না। ৫ আগস্ট পরবর্তী দায়ের হওয়া মামলাগুলোতে প্রকৃতপক্ষে দোষী নন এমন আসামিদের অব্যাহতির উদ্যোগ নিয়েছে মহানগর পুলিশ।
মঙ্গলবার বিকেলে এসএমপি কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ইতোমধ্যে কোতোয়ালি থানাধীন ১ নম্বর মামলার ২৮ জন নিরীহ আসামিকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করা হয়েছে। এই মামলায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকৌশলী ও অন্যান্য পেশার লোকজনকে আসামি করা হয়েছে। যারা মূলত ওই মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
কমিশনার আরও জানান, এ ধরনের আরও ৭–৮টি মামলার নিরীহ আসামিদের অব্যাহতির আবেদন আদালতে দাখিলের প্রস্তুতি চলছে।
এছাড়া সভায় তিনি আগামী ২৮ ও ২৯ আগস্ট হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফে ওরস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, কেউ যাতে কোনোভাবে পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাজার ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। ওরস সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এর আগে তিনি ওরসের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে সিলেটের আলেম-ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশন সিলেট, ইমাম সমিতি সিলেট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, হযরত শাহ্পরাণ (রহ.) সিলেট মাজার কমিটির সদস্যবৃন্দ এবং হযরত শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লী ও খাদেমসহ বিভিন্ন সংস্থার সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

