সুনামগঞ্জের জামালগঞ্জে প্রবহমান সুরমা নদীর করালগ্রাসে আতঙ্কিত কামধরপুর গ্রামবাসী। ভাঙনের ঝুঁকিতে পড়েছে শতাধিক বসতভিটা, মসজিদ ও বাজার।
সরেজমিন ঘুরে দেখা যায়, ফেনারবাঁক ইউনিয়নের কামধরপুর গ্রামে শতাধিক বসতভিটার পাকা, আধাপাকা ঘর ও দোতলা জামে মসজিদ সুরমা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। উপজেলার প্রাচীন এই গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মসজিদসহ শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
পাশাপাশি নদীভাঙনের কবলে পড়েছে কামধরপুর বাজারটিও। বাজারের ৬৫টির বেশি দোকান কোটার ব্যবসায়ী মালিকগণ আছেন ভাঙনের আতঙ্কে। গ্রাম ও বাজারটিতে বিগত কয়েক বছর ধরে সুরমা নদীর ভাঙন চরম আকার ধারণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি কোনো পদক্ষেপ।
কামধরপুর গ্রাম ছাড়াও এই উপজেলার আরও অসংখ্য গ্রাম ও বাজার সুরমা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
কামধরপুর গ্রামের প্রবীণ ব্যক্তি দিলোয়ার হোসেন বলেন, ‘আমাদের গ্রামটি আড়াইশ বছরের বেশি পুরান। ছোটবেলায় আমরা নদীর পাড়ে ফুটবল খেলেছি। ফুটবল খেলার মাঠসহ একশতেরও বেশি পরিবারের ভিটামাটি ভেঙে গেছে নদীতে। কয়েক বছর ধইরা নদী যে ভাঙন শুরু করছে, আমরা আর বেশি দিন এখানে বাস করতাম পারতাম না। এখন মসজিদের বাউন্ডারি ভাইঙা গেছে, দুইশরও বেশি পরিবারের ভিটামাটিসহ মসজিদটি ভাঙার পথে।’
কামধরপুর বাজারের ব্যবসায়ী শফিক মিয়া বলেন, ‘কামধরপুরের শতাধিক পরিবারসহ জামে মসজিদটি নদীর ভাঙনে পড়েছে। কামধরপুর বাজারের জামে মসজিদ ও দোকান ঘরও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে গ্রাম ও বাজারটি নদী ভেঙে বিলীন হয়ে যাবে। আমি গ্রাম ও বাজার রক্ষায় জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের এই গ্রাম নদীভাঙনে বিলীন হওয়ার পথে। কামধরপুর বাজারটির অবস্থাও ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোনো সাড়া পাই নাই। ইতিমধ্যে শতাধিক পরিবারের একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতবাড়ি সুরমা নদীতে বিলীন হয়ে গেছে। আমি গ্রামের জামে মসজিদসহ দুই শতাধিক পরিবারের বসতবাড়ি ও বাজার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, ‘সুরমা নদীর ভাঙনের গ্রামটির অনেক পরিবার বাপ-দাদার স্মৃতি বিজড়িত বসতভিটা হারিয়েছে। এখন নদীভাঙন প্রকট আকার ধারণ করেছে। গ্রামের মসজিদসহ শতাধিক বসতভিটা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। গ্রামটির পাশাপাশি কামধরপুর বাজারেও ভাঙন দেখা দিয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ভাঙন আরও ভয়ানক আকার ধারণ করতে পারে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘কামধরপুরসহ সুরমা নদীতীরবর্তী ভাঙনকবলিত এলাকার বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। নদী থেকে বালু উত্তোলন না করায় এই মুহূর্তে ইমার্জেন্সি কাজ করা যাচ্ছে না। এমপি মহোদয়সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

