সিলেট নগরীর সুরমা নদীর তীরে কিন ব্রিজ ও আলী আমজাদের ঘড়ি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ডালিম ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কিন ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার পেশাগত পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে চলে যায়। তাদের হাতে অস্ত্র ছিল তাই কেউ এগিয়ে যায়নি। পরে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এটি ছিনতাইয়ের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

