জনগণ আন্দোলনে যেভাবে ছিলেন, নির্বাচনেও সেভাবেই থাকবেন: কাইয়ুম চৌধুরী

জনগণ আন্দোলনে যেভাবে ছিলেন, নির্বাচনেও সেভাবেই থাকবেন: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন যাবৎ বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে লড়াই করে আসছে। আন্দোলনে যেভাবে জনগণ আমাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও সেভাবেই পাশে থাকবেন। সিলেট-৩ আসনে ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়া ও তারেক রহমানকে বিজয়ের উপহার দিতে জনগণ আজ উন্মুখ।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “বিলম্ব না করে অবিলম্বে বাংলাদেশকে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে হবে। কারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া জাতীয় কোনো সংস্কারই কার্যকরভাবে সম্ভব নয়।”

শনিবার বিকাল সাড়ে ৫টায় দক্ষিণ সুরমা উপজেলার বৈরাগী বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নির্বাচন বিলম্বিত হলে সরকার রাজনৈতিক প্রশ্নবিদ্ধতার মুখে পড়বে এবং দেশে নতুন সংকট সৃষ্টি হবে। ভয়-ভীতি, দমন-পীড়ন ও ‘মব কালচার’ ছড়িয়ে মানুষকে দমিয়ে রাখা হচ্ছে—যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।”

কাইয়ুম চৌধুরী আরও বলেন, “রাজনীতির মূল লক্ষ্য কেবল ক্ষমতা নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক, উদার ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা। নির্বাচন কমিশনের প্রকৃত স্বাধীনতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাও ব্যাহত হবে।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, “দুই বছর আগে বিএনপিই সর্বপ্রথম ৩১ দফা জাতীয় সংস্কার রূপরেখা দিয়েছে। আজ অনেকেই সংস্কারের কথা বললেও, বিএনপিই ছিল পথপ্রদর্শক। এই সংস্কার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সমাবেশে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম জয়দু, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আলাউদ্দিন আলাই, শাহীন আলম জয়, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, ময়নুল ইসলাম মঞ্জুর, পাবেল রহমান, অলিউর রহমান, আরিফ চৌধুরী, রিফল আহমদ ও জিয়া উদ্দিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন