সাইবার অপরাধ মামলায়

শ্রীমঙ্গলে জুলাই রাজবন্দি অ্যালায়েন্সের নেতা আটক

শ্রীমঙ্গলে জুলাই রাজবন্দি অ্যালায়েন্সের নেতা আটক
ছবি: আমার দেশ

মৌলভীবাজার জেলা জুলাই রাজবন্দি অ্যালায়েন্স কমিটির দপ্তর সম্পাদক বাবুলকে সাইবার অপরাধ মামলায় আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে আটক করে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম মুঠোফোনে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ তাদের বাসায় গিয়ে বাবুলকে বলেন, থানার ওসি তাকে যেতে বলেছেন। এ সময় বাবুল তার হার্টের সমস্যার কথা জানিয়ে সকালে থানায় যাওয়ার কথা বলেন। তবে পুলিশ তার অনুরোধ না শুনলে তিনি পুলিশের সঙ্গে থানায় যান।

আনোয়ারা বেগমের অভিযোগ, থানায় নেওয়ার পর বাবুলকে মারধর করে লকআপে রাখা হয়। রাত ৩টা পর্যন্ত তিনি ও তার সন্তানেরা থানার সামনে অপেক্ষা করলেও স্বামীর বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাননি। পরে রাতে বাবুলকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয় বলে তিনি জানান।

তিনি আরও দাবি করেন, তার স্বামী নির্দোষ। আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হয়ে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কারাভোগ করেছেন বলেও দাবি করেন আনোয়ারা বেগম।

তিনি আরও বলেন, ‘আমার স্বামীকে স্বৈরাচারী কায়দায় আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ।’

বাবুলের স্ত্রী তার স্বামীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, সাইবার অপরাধ মামলায় তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন