শাল্লায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাল্লায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সরকার ঘোষিত ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম। বৃহস্পতিবার বিকেল ৪টায় সারা দেশের ১২টি জেলার ৭৭টি উপজেলায় একযোগে এই কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শাল্লা উপজেলার ১৭৬১ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে পৌঁছে যায়। প্রাথমিকভাবে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২১২২ জন কৃষক এই কার্ড পাবেন। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে দরিদ্র ও ক্ষুদ্র কৃষকদের ১ হাজার ৭০০ জনের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে জমা হয়েছে।

কার্ডপ্রাপ্ত কৃষক আছিয়া খাতুন বলেন, ‘কৃষক কার্ড পেয়ে আমি খুবই আনন্দিত। আমরা কৃষকরা অনেক সময় সরকারি সুযোগ-সুবিধা পেতে নানা সমস্যায় পড়ি। এই কার্ডের মাধ্যমে যদি সার, বীজ ও কৃষি উপকরণসহ সরকারি সহায়তা সহজে পাওয়া যায়, তাহলে আমাদের অনেক উপকার হবে।’

আরেক কৃষক অমল কান্তি দাস বলেন, কৃষক কার্ড পাওয়ায় খুব ভালো লাগছে। সরকার কৃষকদের জন্য এই উদ্যোগ নেওয়ায় আমরা আশাবাদী। আমরা চাই, কার্ডের মাধ্যমে কৃষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা যেন স্বচ্ছতার সঙ্গে ও সহজে দেওয়া হয়।

গফুর মিয়া বলেন, কৃষক কার্ড হাতে পেয়ে মনে হচ্ছে সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আমরা মাঠে ফসল ফলিয়ে দেশের খাদ্যের চাহিদা পূরণ করি। এই কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ পেলে উৎপাদন খরচ কমবে এবং আমরা আরও উৎসাহ নিয়ে কৃষিকাজ করতে পারব।

নির্মল সরকার বলেন, আজ কৃষক কার্ড পেয়ে খুব ভালো লাগছে। এটি কৃষকদের জন্য একটি যুগোপযোগী উদ্যোগ। আমরা আশা করি, শুধু কার্ড দেওয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না, বরং কার্ডধারীরা যেন নিয়মিত সরকারি সুযোগ-সুবিধা পান তা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপাসচিব মো. তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) হুমায়ুন কবির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন