শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে কয়লা ও পাথর আমদানি

শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে কয়লা ও পাথর আমদানি

দ্বিপক্ষীয় বাণিজ্য সুবিধা বাড়াতে তিন মাস বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই কার্যক্রম আবার শুরু হবে। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশ ও ভারত দুই দেশের ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিন মাস ধরে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি বন্ধ রয়েছে।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভায় সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক আতিক হোসেন সঞ্চালনা করেন। সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন। সভায় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা পারস্পরিকভাবে বিনিময়ের সিদ্ধান্ত হয়। ওই তালিকায় থাকা সদস্য ছাড়া অন্য কারো সঙ্গে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি না করার বিষয়েও ব্যবসায়ী নেতারা সম্মত হন।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি আবার চালু করার পাশাপাশি সীমান্ত বাণিজ্য সচল রাখতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে কাজ করবে। সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারস কো-অর্ডিনেশন টিমের পক্ষে আবু সালেহ মো. ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন দে, শিবাজী চৌধুরী, রুহুল কুদ্দুছসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে ছিলেন সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মো. শাহ আলম, জুয়েল আহমদ, আবুল হাসেমসহ আরো অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন