শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে সাতগাঁও ইউনিয়নের চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সৌরভ (১৭) হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে ও নাঈম (১৭) একই এলাকার তাজুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাব্বির (২৫) নামে আরো একজন। সাব্বির একই এলাকার শহিদ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজন মারা গেছেন। আহত একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাস চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...